
গঙ্গাচড়ার পূর্ব রমাকান্ত এলাকায় দুই সন্তানের জননী এক নারীর উপর চালানো হয় বর্বর যৌন নির্যাতন, ধারণ করা হয় ভিডিও, পরে মানসিক চাপে গৃহবধূ আত্মহত্যা করেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায়, দুই সন্তানের জননী কাওছারা বেগমকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এরপর মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেন তিনি।
বুধবার (৯ জুলাই) নিহত গৃহবধূর বাবা হামিজ উদ্দিন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।
অভিযোগে জানা যায়, গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বাসিন্দা বিশু মিয়ার স্ত্রী কাওছারা বেগম। বিশু মিয়া ঢাকায় কাজের জন্য গেলে তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে যান।
গত ৯ জুন দুপুরে পাটক্ষেতে পাটশাক তুলতে গেলে ওঁৎ পেতে থাকা দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আরও দুই যুবক সেই নৃশংস দৃশ্য মোবাইলে ধারণ করে।
পরে চার যুবক ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কাওছারাকে অনৈতিক প্রস্তাব দিতে থাকে। অসহায় হয়ে কাওছারা বিষয়টি শ্বশুর হামিদুলকে জানান। পরে এটি এলাকায় জানাজানি হয়।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (৭ জুলাই) রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাওছারা তার উপর চালানো নির্মম ঘটনার বর্ণনা দেন। তবে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
বৈঠকের পরদিন, হামিদুল ওই ঘটনায় কাওছারাকে নানা কটূক্তি ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার (৮ জুলাই) নিজ ঘরে আত্মহত্যা করেন কাওছারা বেগম।
এ ঘটনায় তার বাবা হামিজ উদ্দিন থানায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।