
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ও সব রাজনৈতিক ছাত্রের হল ছাড়ার হুঁশিয়ারি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (১২ জুলাই) প্রথম প্রহরে কলেজের হলপাড়া থেকে এই মিছিল শুরু হয় এবং তা পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেন। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা প্রমাণ করে বাংলাদেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়ংকর রূপ ধারণ করেছে।
সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণ ও নিরাপদ একটি শহর চাই। মিটফোর্ডের মতো ভয়ংকর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, “সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তাই তাকে জীবন দিতে হয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেন কলেজের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”
সব শিক্ষার্থী মিলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি তারা সারা দেশে চলমান চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।