
দাউদকান্দিতে জামায়াতের যুব বিভাগ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনায় দেশের যুব সমাজের উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে গুরুত্বারোপ করে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:
বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দিতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন এবং দাউদকান্দি পৌর জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানীয়া।
দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফের সভাপতিত্বে এবং পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারের সঞ্চালনায় উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা, দক্ষতা বৃদ্ধির গুরুত্ব, নৈতিক শিক্ষার প্রসার ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশ, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের প্রেরণা জাগানো। এই উদ্দেশ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুবদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।