
দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানালেন— এবার আন্দোলনের মূল লক্ষ্য হবে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে এবার সরব হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তারা এবার এই দাবিকে ঘিরে আন্দোলনে নামবে। এই তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৬ আগস্ট) দলীয় জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। তবে এবার তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে আন্দোলনে নামার ঘোষণা দিলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, পিআর পদ্ধতি ছাড়া দলটি নির্বাচনে অংশ নেবে কি না। জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “পিআর আমাদের ন্যায্য দাবি। আমরা এই দাবি আদায়ের জন্য আন্দোলন করব। এরপর পরিস্থিতি কী হয়, দেখা যাবে।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, পিআর পদ্ধতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ৫৪ বছর আগের প্রচলিত নির্বাচন পদ্ধতি এখন আর দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোট, কেন্দ্র দখলের সংস্কৃতি পুরনো ইতিহাস। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনই হতে হবে ভবিষ্যতের পথ।”