
কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার সকালে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দাউদকান্দি মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিফাত পার্কের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল। তিনি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া প্রহসনের নির্বাচন মেনে নেওয়া হবে না। সমাবেশের সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর আমীর জনাব আবুল কাশেম প্রধানীয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, সহকারী সেক্রেটারি কাউসার আলম সরকার, মেজবাহ উদ্দিন মিয়াজী, আবু বকর সিদ্দিক, রেজাউল হক সরকারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
সমাবেশে দাবি জানানো হয়— জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, সরকারের নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।