আহত হাবিবার খোঁজখবর নিলেন নূর মোহাম্মদ সেলিম সরকার

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার মেয়ে হাবিবা সকালে নিখোঁজ হওয়ার পর একটি ভুট্টাখেত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন; শারীরিক নির্যাতন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার মেয়ে হাবিবা আজ সকালে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাকে উত্তর হাসানপুরের একটি ভুট্টাখেত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। নির্যাতনের সময় তার গলা ও গালে মারাত্মক আঘাত করা হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারের পর তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার হাসপাতালে গিয়ে হাবিবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি দাউদকান্দি মডেল থানার কর্মকর্তাদের দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে হাবিবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *