বাংলাদেশে ১২০ টাকা কেজি দামে গরুর মাংস রপ্তানির আগ্রহ ব্রাজিলের

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, বাংলাদেশে প্রতি কেজি মাত্র এক ডলারে গরুর মাংস পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এতে ক্রেতারা ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে মাংস কিনতে সক্ষম হবেন, পাশাপাশি বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগও তৈরি হবে।

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস আমদানির সম্ভাবনা তৈরি করেছে ব্রাজিল। দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, প্রতি কেজি মাত্র এক ডলার মূল্যে বাংলাদেশকে মাংস সরবরাহ করতে আগ্রহী তাদের দেশ। এতে স্থানীয় ক্রেতারা ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে মাংস কিনতে পারবেন।

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের বিভিন্ন মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতে চায়। তবে সরকার পরিবর্তনের কারণে চলমান আলোচনা থেমে আছে। দ্রুত হালাল সার্টিফিকেট নিশ্চিত হলে এ প্রক্রিয়া আবার এগিয়ে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, হালাল সার্টিফিকেট পেলে ব্রাজিলের বেসরকারি বিনিয়োগকারীরা বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে প্রস্তুত থাকবে। পাশাপাশি গবাদি পশু ও দুগ্ধ খাতের উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে চায়।

কৃষি উন্নয়নে প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতিও দেন রাষ্ট্রদূত। তার বক্তব্যে উঠে আসে—বাংলাদেশ থেকে চামড়া ও জুতার আমদানি বাড়াতে ব্রাজিলের আগ্রহ রয়েছে। তিনি জানান, আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ব্রাজিল তৃতীয় ফরেন অফিস কনসালটেশনে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া খেলাধুলা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও কৃষি খাতেও ব্রাজিল বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে প্রস্তুত বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তিনি বিশেষভাবে তুলে ধরেন এবং এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব এবং বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহসহ অন্যান্য সাংবাদিক প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *